মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার তা প্রমাণ করছে।
শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জাহান্দার আলী মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার সবকিছুই ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচির অন্তর্ভুক্ত। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পর দীর্ঘ সময়েও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে না। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন সরকার অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’
সংসদ সদস্য আরও বলেন, ‘কৃষকদের জন্য কৃষি কার্ড চালু, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়া ও পোশাক সহায়তা এবং খাল খনন কর্মসূচি সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরছে। এসব উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতকে আরও শক্তিশালী করবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

