১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আমিরাতে

0
১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আমিরাতে

১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে এক বছরের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম কার্যকর না করলে সংশ্লিষ্ট মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এ সিদ্ধান্তের মাধ্যমে শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান নেওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হলো দেশটি। এর আগে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডাও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

খবর অনুসারে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১৫ বছর। এর কম বয়সী কোনো শিশু ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, ব্যবহার করতে বা পরিচালনা করতে পারবে না।

নতুন বিধান অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ১৫ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করতে হবে। এ জন্য তাদের ১২ মাসের রূপান্তরকাল দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম কার্যকর না হলে সংশ্লিষ্ট মাধ্যমকে সতর্ক করা, আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া কিংবা প্রশাসনিক শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার।

এ ছাড়া ১৫ বছরের কম বয়সী শিশুরা সামাজিক যোগাযোগমাধ্যমের পূর্ণ সুবিধাও ব্যবহার করতে পারবে না। তারা অন্যদের সঙ্গে যোগাযোগ, লেখা প্রকাশ, মন্তব্য, তথ্য শেয়ার, উন্মুক্ত দল বা চ্যানেলে যুক্ত হওয়া কিংবা বৃহৎ পরিসরের অনলাইন আলোচনায় অংশ নিতে পারবে না। সূত্র : গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here