স্কুলে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির

0
স্কুলে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সাব্বির হোসেন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী। ক্লাসরুমে তার বই-ব্যাগ রেখে বাইরে যাওয়ার পর আর ফিরে আসেনি সে।

নিখোঁজ সাব্বির উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ বাজারসংলগ্ন ভাতিটারী এলাকার বাসিন্দা এবং হলিল্যান্ড মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাব্বির। স্কুলে পৌঁছে ক্লাসরুমে বই-ব্যাগ রেখে কয়েকজন সহপাঠীর সঙ্গে বাইরে যায়। কিছু সময় পর তার বন্ধুরা শ্রেণিকক্ষে ফিরে এলেও সাব্বির আর ফিরে আসেনি।

বিকেল ৪টায় স্কুল ছুটি হওয়ার পরও সাব্বির বাড়ি না ফেরায় এবং তার কোনো খোঁজ না পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি তার পরিবারকে জানান।

এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ সন্তানের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বজনরা।

হলিল্যান্ড মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মাহফুজ আমিন বলেন, শিক্ষার্থীটি নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরে পরিবারকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় আদিতমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি আরও জানান, বুধবার সকালে পুলিশ বিদ্যালয়ে এসে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী সময়ে জানানো হবে। পুলিশ নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here