কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই

0
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই

কুমিল্লার নাঙ্গলকোটে এক কিশোরীকে (১৪) সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। 

ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার (১৭ জুন) দুপুরে নাঙ্গলকোট থানায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মোল্লা বাড়ির জয়নাল আহম্মদের ছেলে সিএনজি অটোরিকশা চালক রিয়াজ মোল্লা (২৬) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ (২৬)। 

মামলার এজাহার, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। কিছুদিন আগে পড়াশোনা বন্ধ করে সে মায়ের সঙ্গে ফেনীতে বসবাস শুরু করে। গত সোমবার (১৫ জুন) বিকেলে নাঙ্গলকোট উপজেলার তেতিয়া এলাকায় খালার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ফেনীর উদ্দেশে রওনা হয়।

অভিযোগ অনুযায়ী, বোড়রা এলাকায় পৌঁছালে প্রথম অটোরিকশাচালক গাড়ি বিকল হওয়ার অজুহাতে তাকে অন্য একটি অটোরিকশায় তুলে দেন। চালক রিয়াজ মোল্লা জাকিরের মোড় এলাকা থেকে তার সহযোগী ফয়েজ আহমেদকে গাড়িতে তোলেন। এরপর ফেনীতে পৌঁছে দেওয়ার কথা বলে চৌদ্দগ্রামের পদুয়াসহ বিভিন্ন এলাকায় ঘোরানোর পর রাত ৮টার দিকে একটি টিনশেড ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে রিয়াজ, ফয়েজ ও তাদের সহযোগী আকরাম রাতভর কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

কিশোরীর মা বলেন, মঙ্গলবার (১৬ জুন) সকালে এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তার মেয়েকে ফেনীর বাসার উদ্দেশে পাঠিয়ে দেয়। বাসায় ফিরে তার মেয়ে ঘটনাটি তাকে জানালে মেয়েকে নিয়ে মঙ্গলবার ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মামলার আসামি রিয়াজ মোল্লা ও ফয়েজ আহম্মদকেস গ্রেফতার করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ভিকটিমের মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here