যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামে একাধিক মামলার এক আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রিয়াজ ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতার জন্য পরিচিত ছিলেন রিয়াজ। মঙ্গলবার রাতে ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ জানান, মাথায় ও শরীরে গভীর ক্ষতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে রিয়াজের মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিহত রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি।

