কাতার বিশ্বকাপের হারের স্মৃতি এখনও বয়ে বেড়ান এমবাপে

0
কাতার বিশ্বকাপের হারের স্মৃতি এখনও বয়ে বেড়ান এমবাপে

বিশ্বকাপে প্রথম ম্যাচে রাতে সেনেগালের বিপক্ষে মাঠে নামছে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স। দিদিয়ের দেশম এর নেতৃত্বে এবার দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন কিলিয়ান এমবাপে। তবে কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের স্মৃতি এখনও বয়ে বেড়ান এই ফুটবলার।

২০১৮ সালে ‘দ্য ব্লুজ’ তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এরপর ২০২২ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। ফরাসি সংবাদপত্র ‘লা প্যারিসিয়েন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপের সতীর্থ ইব্রাহিমা কোনাতে তাকে ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি সম্পর্কে জিজ্ঞাসা করেন।

এমবাপে জানান, গত বিশ্বকাপে হারের পর তার রাতের ঘুম কেড়ে নেয় এবং এটিই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্ষত। তিনি বলেন, ২০২২ সালের ফাইনালে হারের কথাটা আমার বেশি মনে আছে। যেটা আমরা জিতেছিলাম, সেটার ইতিহাস নতুন করে লেখার কোনো প্রয়োজন নেই। আমরা জিতেছিলাম, ট্রফি পেয়েছিলাম এবং সেটা ছিল অবিশ্বাস্য।

তিনি আরও বলেন, কিন্তু চার বছর অনেক লম্বা সময়। এর মধ্যে অনেক খেলোয়াড় দল ছেড়ে চলে যায়, আর এটাই বিশ্বকাপের সবচেয়ে নির্মম দিক। এত কঠোর পরিশ্রম করার পর পেনাল্টি শুটআউটে হেরে যাওয়াটা সত্যিই হৃদয়বিদারক। আমি ভাগ্যে বিশ্বাস করি না, আর পেনাল্টি কোনো লটারি নয়। এটা একটা কৌশলগত দক্ষতা, কিন্তু তারপরেও, বিশ্বকাপ ফাইনাল হারার এর চেয়ে কঠিন কোনো উপায় নেই।

ফরাসি এই স্ট্রাইকার বলেন, হারটি এতটাই বেদনাদায়ক ছিল যে তিনি ২০২২ সালের ফাইনালটি আর কখনও পুরোপুরি দেখেননি। তিনি বলেন এটি কেবল পুরোনো সব মানসিক ক্ষতকে ফিরিয়ে আনবে।

এবার ফ্রান্স ‘আই’ গ্রুপে রয়েছে। সেনেগালের পর তারা ২২ তারিখে ইরাক এবং ২৬ তারিখে নরওয়ের মুখোমুখি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here