বিশ্বকাপের গেরো কাটছে না স্পেনের

0
বিশ্বকাপের গেরো কাটছে না স্পেনের

২০১০ সালে বিশ্বজয়ের পর থেকেই ফিফা বিশ্বকাপে নিজেদের হারিয়ে খুঁজছে স্পেন। সেই সোনালি ট্রফি উঁচিয়ে ধরার পর কেটে গেছে দীর্ঘ দেড় দশক কিন্তু বৈশ্বিক মঞ্চের ম্যাজিক যেন আর কিছুতেই ফিরে পাচ্ছে না লা রোহা। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার পুচকে দেশ কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করে সেই পুরোনো হতাশাই নতুন করে ফিরিয়ে আনলো স্পেন।

উত্তর আমেরিকার মাটিতে ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন হিসেবে খেলতে আসা স্পেনকে এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। লামিন ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামসের মতো তরুণ তুর্কিদের নিয়ে গড়া স্প্যানিশ আক্রমণভাগকে এদিন পুরো ম্যাচজুড়ে বোতলবন্দী করে রাখে কেপ ভার্দে। আয়তনের দিক থেকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে খেলার যোগ্যতা অর্জন করা কেপ ভার্দের জন্য এই ড্র এক ঐতিহাসিক মাইলফলক। পুরো ম্যাচে মাত্র একটি ফাউল করে অনন্য এক শৃঙ্খলার নজির গড়েছে তারা, যা ১৯৬৬ সালের পর যেকোনো বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে কম ফাউল করার রেকর্ড। ম্যাচের আসল নায়ক অবশ্য কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা, যিনি স্পেনের সাত-সাতটি নিশ্চিত গোল রুখে দিয়ে স্প্যানিশদের জয়ের স্বপ্ন চূর্ণ করে দেন।

এই ড্রয়ের ফলে বিগত পাঁচটি বিশ্বকাপের চারটিতেই নিজেদের উদ্বোধনী ম্যাচে জয়বঞ্চিত রইলো স্পেন। ২০১০ সালের সেই মহাকাব্যিক ট্রফি জয়ের পর খেলা পরবর্তী ১২টি বিশ্বকাপের ম্যাচে স্পেনের জয় মাত্র তিনটি ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০, ২০১৮ সালে ইরানের বিপক্ষে ১-০ এবং গত আসরে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের জয়। এই ১২ ম্যাচে মাত্র ২০টি গোল করার বিপরীতে তারা হজম করেছে ১৬টি গোল, যার মধ্যে ২০১৪ আসরে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলের বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো সমর্থকদের মনে দগদগে। যেখানে একই সময়ে ফ্রান্স সর্বোচ্চ ১৪টি জয় তুলে নিয়ে বিশ্বমঞ্চে রাজত্ব করছে, সেখানে স্পেনের ঝুলিতে কেবলই ব্যর্থতার খতিয়ান।

হেড কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে থাকা স্পেনকে এখন নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে হলে ‘গ্রুপ এইচ’-এর পরবর্তী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে। অন্যদিকে, স্পেনের মতো পরাশক্তিকে রুখে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা কেপ ভার্দে আগামী রবিবার মাঠে নামবে শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে। এখন দেখার বিষয় ১-০ গোলের টিকিটাকা ফুটবলের সেই চেনা স্পেন নিজেদের খোলস ছেড়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here