রগ কাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক

0
রগ কাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক

দিনাজপুরের বোচাগঞ্জে রগ কাটা অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি পুলিশ নিহতের সাবেক স্ত্রী শিল্পিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জের ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান (৪০) জিয়াহাট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত রবিবার দিবাগত রাত ৯টার দিকে মোস্তাফিজুর রহমানকে বোচাগঞ্জের রামদাস পাড়ায় তার ডিএন অটো রাইস মিলের বৈঠকখানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে দিনাজপুর জিয়াহাট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এ বিষয়ে দিনাজপুর সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান জানান, ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান রোববার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আহত হন। রাতে পায়ের রগ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। রাত ৯টার দিকে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে দিনাজপুর জিয়াহাট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তার পূর্বের স্ত্রী এখানে যাওয়া-আসা করেন। আমরা প্রাথমিক অবস্থায় কোতোয়ালি থানার সহায়তায় সাবেক স্ত্রী শিল্পিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছি। তদন্ত এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত মোস্তাফিজুর রহমান বিশিষ্ট শিল্পপতি জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী আব্দুল হান্নানের ছোট ভাই। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here