অসচ্ছল ক্রীড়াসেবী ও প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর জেলার ১১৪ জন অসচ্ছল ক্রীড়াসেবী ও প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীর মাঝে মোট ৬৬ লাখ টাকা বিতরণ করা হয়।
সোমবার (১৫ জুন) ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বৃত্তি ও ভাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল হক।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, জেলায় ৬১ জন ক্রীড়াসেবীকে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। তারা প্রত্যেকে মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে এককালীন ৩০ হাজার টাকা করে পেয়েছেন। এ ছাড়া ক্রীড়া শিক্ষাবৃত্তির আওতায় মাধ্যমিক পর্যায়ের ২২ জন শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা হারে এককালীন ১২ হাজার টাকা এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৩১ জন শিক্ষার্থীকে মাসিক ২ হাজার টাকা হারে এককালীন ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
দিনাজপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সরকার ক্রীড়াবিদদের মূল্যায়ন ও তাদের কল্যাণে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ক্রীড়া ভাতা ও শিক্ষাবৃত্তি সেই উদ্যোগেরই অংশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেকুজ্জামান বাবুসহ স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, কোচ এবং অনুদানপ্রাপ্ত খেলোয়াড়বৃন্দ।

