বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নয় কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে। আজ সোমবার ইউজিসি এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, কমিশনের স্বার্থে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (কর্মচারী) চাকুরী প্রবিধানমালা, ১৯৮৭ এর ২১ ধারা মোতাবেক তাদের সাময়িকভাবে বদলি ও পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, চেয়ারম্যানের দফতরের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুনুর রশিদ খানকে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। আইসিটি বিভাগের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এম মারুফ আলম জেমসকে চেয়ারম্যানের দফতরের সহকারী সচিব করা হয়েছে। একই সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইসিটি বিভাগের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের দায়িত্বও পালন করবেন।
এছাড়া, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের দফতরের সহকারী সচিব মো. আমিরুল ইসলামকে সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুনের দফতরের সহকারী সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের প্রশাসনিক কর্মকর্তা রায়হান মিয়াকে সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমানের দফতরের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদস্য দফতরের ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসানকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে।
প্রশাসন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের দফতরের ব্যক্তিগত কর্মকর্তা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের কম্পিউটার অপারেটর মো. আতিকুর রহমানকে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের সিনিয়র সহকারী পরিচালক নূরী শাহরীন ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। একইভাবে, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট সোহেল রানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের একই পদে দায়িত্ব পালন করতে হবে।
ইউজিসির অফিস আদেশে বলা হয়েছে, কমিশনের স্বার্থে এসব বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

