লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে দুই ভাগ হয়ে যায় ফুটবল দুনিয়া। নিজেদের শেষ বিশ্বকাপে নামতে চলেছেন দুই মহাতারকা। মাঠে নামার আগেই আলোচনায় এসেছেন তারা।
সম্প্রতি রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাদের এক মেয়েকে একটি ট্রাইসাইকেল চালাতে দেখা যাচ্ছিল। ভিডিওতে ফুটবল ভক্তদের চোখে ধরা পড়ে এক বিশেষ বিষয়।
মেয়েটির পরনে ছিল এমন একটি টি-শার্ট, যার রঙ এবং নকশা আর্জেন্টিনার জার্সির সঙ্গে মিল রয়েছে। পেছন থেকে করা ভিডিও দেখে অনেকেই বলে দিচ্ছেন এটি আর্জেন্টিনারই জার্সি। ডেনিম শর্টসের সঙ্গে সেই পোশাকটি দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি দেখে অনেকে মন্তব্য করছেন, জার্সিটির রঙ হয়তো আর্জেন্টিনার প্রতি সমর্থনেরই প্রতীক। স্বাভাবিকভাবেই, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদোর ভক্তদের মধ্যে এটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ভক্তদের এমন প্রতিক্রিয়ার কারণও সহজেই অনুমেয়। প্রায় দুই দশক ধরে মেসি ও রোনালদো বিশ্ব ফুটবলে দ্বৈরথের জন্ম দিয়েছেন। যদিও মাঠের বাইরে এই দুই তারকা সব সময় একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তবুও তাদের ক্যারিয়ারের তুলনা নিয়ে বিশ্বজুড়ে যে বিতর্ক, তা ক্লাব বা লিগের সীমানা ছাড়িয়ে অনেক আগেই বিশ্বজনীন রূপ পেয়েছে।
আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি করতে চায় তারা। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ১৭ জুন ডি আর কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল।
দুই কিংবদন্তিই তাদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন। দুই মহাতারকাকে ঘিরে প্রতিটি ম্যাচ, প্রতিটি মন্তব্য বা সাধারণ মুহূর্ত বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার খোরাক জোগায়। রোনালদোর মেয়ের পরা এই টি-শার্ট নিয়ে বিতর্ক তারই একটি ক্ষুদ্র উদাহরণ।

