চেলসি ছেড়ে রিয়ালে যোগ দিলেন সাবেক বার্সাবয় কুকুরেয়া

0
চেলসি ছেড়ে রিয়ালে যোগ দিলেন সাবেক বার্সাবয় কুকুরেয়া

চেলসির স্প্যানিশ লেফটব্যাক মার্ক কুকুরেয়াকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ৫১.৮ মিলিয়ন পাউন্ডের এই দলবদল চুক্তিতে ২৬ বছর বয়সী এই লেফটব্যাকের সঙ্গে সঙ্গে দীর্ঘ ৬ বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের সঙ্গে ব্যস্ত রয়েছেন কুকুরেয়া। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই কাতালান ডিফেন্ডার ২০২২ সালে ৬৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি স্পেনে ফেরার জন্য উদগ্রীব ছিলেন। রিয়ালে যোগ দেওয়ার আগে আতলেতিকো মাদ্রিদ ও তার সাবেক ক্লাব বার্সেলোনার সঙ্গে তার দলবদলের গুঞ্জন শোনা গিয়েছিল।

চেলসিতে কুকুরেয়ার শেষ সময়টা খুব একটা ভালো যায়নি। গত মার্চে আন্তর্জাতিক বিরতির সময় এক সাক্ষাৎকারে চেলসির হায়ারার্কি বা নীতি-নির্ধারকদের কড়া সমালোচনা করেছিলেন তিনি। মূলত মাঝ-মৌসুমে কোচ এনজো মারেস্কার বিদায়ের পর ক্লাবের অভ্যন্তরীণ পরিস্থিতিতে অসন্তুষ্ট ছিলেন কুকুরেয়া। মারেস্কার পর দায়িত্ব নেওয়া কোচ লিয়াম রোজনিয়রের অধীনেও নিজেদের সেরাটা দিতে ব্যর্থ অনেক চেলসি ফুটবলার।

যদিও গত মৌসুমে চুক্তি নবায়ন না করেই চেলসিতে অর্থনৈতিক সুযোগ-সুবিধা বাড়িয়েছিলেন কুকুরেয়া। ক্লাবের সঙ্গে তখনও তার ৩ বছরের চুক্তি বাকি ছিল। তবে অভ্যন্তরীণ কোন্দল ও খেলোয়াড়ের ইচ্ছার কারণেই মূলত রিয়াল মাদ্রিদের অফারটি গ্রহণ করতে বাধ্য হয় চেলসি কর্তৃপক্ষ। 

বিদায়ী মৌসুমে চেলসির পারফরম্যান্সও ছিল হতাশাজনক। রোজনিয়র বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফার্লেনের অধীনেও ভাগ্য বদলায়নি ব্লুজদের। লিগে ১০ম স্থানে থেকে আসর শেষ করায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে ব্যর্থ হয় দলটি। অবশ্য আগামী ২০২৬-২৭ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেনের সাবেক বস জাবি আলোনসোকে নতুন স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি।

প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ পুনরায় নির্বাচিত হওয়া এবং হোসে মরিনহো আবারও ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়ার পর একের পর এক ধামাকা সাইনিং করে যাচ্ছে রিয়াল। কুকুরেয়াকে দলে টানার পর লস ব্লাঙ্কোসদের পরবর্তী লক্ষ্য এখন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা এবং ইন্টার মিলানের ফুল-ব্যাক ডেনজেল ডামফ্রিস। একই সাথে লিভারপুল ছেড়ে আসা ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতেও খুব শিগগিরই রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here