বিশ্বকাপ উন্মাদনায় পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর সেতুটি এখন রূপ নিয়েছে আন্তর্জাতিক ফুটবল উৎসবের এক টুকরো প্রাঙ্গণে। পুরো সেতুতে টানানো হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ বিভিন্ন অংশগ্রহণকারী দেশের পতাকায়।
যা পথচারী ও পর্যটকদের নজর কেড়েছে। স্থানীয়রা জানান, ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে পুরো দেশ। এর ব্যতিক্রম নয়, সাগরপাড়ের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা। প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে গ্রামগঞ্জে অনেকেই ব্যানার, তোরন, ফেস্টুন ও পাতাকা টানিয়েছেন।
তবে কুয়াকাটা মহাসড়কের সোনাতলা নদীর ওপর নির্মিত হাজীপু সেতুতে নানা দলের পতাকা উড়িয়েছেন সমর্থকরা। বিকাল হলেই ব্রিজটিতে ভিড় করেন শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। তারা আড্ডা ও আলোচনায় মেতে থাকেন। অনেকে আবার এসব ছবি কিংবা ভিডিও শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা দলের প্রতি ভালোবাসা থেকে বিভিন্ন আয়োজন করে আসছেন। পতাকা উত্তোলনও তারই অংশ। পর্যটক ফারুক আহমেদ বলেন, বিভিন্ন দেশের সারিবদ্ধভাবে টানানো পতাকায় সজ্জিত সেতুটি দৃষ্টিনন্দন হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, দীর্ঘ এই সেতুটির দুই পাশে সারিবদ্ধভাবে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকাই বেশি রয়েছে। সেতুটি এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ফুটবল উৎসবের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।
কলাপাড়া রংধনু ক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রিড়া সংগঠক বিশ্বাস রাশেদ মোশাররাফ কল্লোল বলেন, প্রতি ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করেছেন। বিশ্বকাপের সময় এ ধরনের উৎসব সবাইকে আনন্দ দেয়।

