কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

0
কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হওয়ার খবরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন না, একসময় তিনি পুরো দেশ পরিচালনা করতেন বলেই আমরা শুনেছি।

তিনি বলেন, বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে আওয়ামী লীগের শাসনামলেই দৈনিক কালের কণ্ঠ বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদন থেকেই তার বিপুল পরিমাণ সম্পদ ও নানা অপকর্মের তথ্য সামনে এসেছিল।

সোমবার ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল জানিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, আমরা জানতে পেরেছি বেনজীর কত ফ্ল্যাট, কত জায়গা-জমির মালিক। তার স্ত্রী ও সন্তানদের সম্পদের বিবরণও প্রকাশিত হয়েছে। এছাড়া দেশে ও বিদেশে তার শত শত কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়।

তিনি বলেন, আমরা একসময় জানতাম বেনজীর আহমেদই দেশ চালাচ্ছেন। তিনি সরকার চালাতেন। তার উপরে আর কাউকে তিনি মানুষ বলে মনে করতেন না। এমন কোনো দুষ্কর্ম নেই, যা তিনি তার কর্মজীবনে করেননি। এসবের অনেক কিছুই আওয়ামী লীগ সরকারের আমলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

চিফ প্রসিকিউটর আরও বলেন, সাবেক এই আইজিপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আগেই অভিযোগ দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা হয়। অবশেষে তাকে গ্রেফতারের খবর জানলাম। তার বিরুদ্ধে আরও ১০টি মামলার তদন্ত চলমান রয়েছে।

তিনি দাবি করেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও অপরাধের অভিযোগ রয়েছে এবং তার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here