উত্তর আমেরিকায় শুরুটা ভালো হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে ভিনিসিউস জুনিয়রের গোলের সৌজন্যে হার এড়ালেও ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। বিশেষ করে প্রথমার্ধের দুর্বল খেলায় ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।
ব্রাজিলের একাধিক মিডিয়া ও বিশ্লেষক আনচেলত্তির শুরুর একাদশ এবং কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনার মুখে রয়েছেন রাইট ব্যাক ইবানেজ, মিডফিল্ডার লুকাস পাকেতা, ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো এবং স্ট্রাইকার ইগো চিয়াগো।
ব্রাজিলিয়ান দৈনিক ইউওএলের কলামিস্ট পাওলো ভিনিসিউস কোলেইও কাসেমিরোকে কঠোর ভাষায় সমালোচনা করে তাকে পাহাড়ি সরু রাস্তায় পুরনো ট্রাকের মতো ধীর বলে উল্লেখ করেন। একই সঙ্গে আনচেলত্তির শুরুর একাদশ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ও এস্তাদো দে সাও পাওলো-এর বিশ্লেষক মাওরো বেতিং বলেন, দলের বাজে পারফরম্যান্সের বড় দায় কোচের সিদ্ধান্তের ওপর বর্তায়। অন্যদিকে ফাবিও ফ্রাঙ্কা এটিকে ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ হারের পর ব্রাজিলের সবচেয়ে খারাপ প্রথমার্ধ হিসেবে উল্লেখ করেন।
গ্লোবোর কলামিস্ট কার্লোস এদুয়ার্দো মানসুর বলেন, ব্রাজিলকে মাঠে বিচ্ছিন্ন ও অগোছালো মনে হয়েছে, যেখানে রক্ষণভাগও ছিল দুর্বল।
সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো সরাসরি আনচেলত্তির একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলেন, কিছু খেলোয়াড়কে শুরুর একাদশে রাখা উচিত হয়নি।
ইএসপিএনের বিশ্লেষক উবিরাতান লেয়াল আর্জেন্টিনার কোচ স্কালোনির উদাহরণ টেনে দ্রুত পরিবর্তনের আহ্বান জানান।
বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামা ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ দ্রুত ঘুরে দাঁড়ানো। আগামী শুক্রবার হাইতির বিপক্ষে এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

