২০১৫ সালে ভারতের বিপক্ষে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে অভিষেক হয়েছিল লিটন দাসের। এরপর জাতীয় দলের জার্সিতে একের পর এক ম্যাচ খেলেছেন।
দেশের অন্য ভেন্যুগুলোতে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরির দেখা পেলেও মিরপুরে কখনোই হাফ সেঞ্চুরি করা হয়নি তার। অবশেষে সেই আক্ষেপ ঘুচল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে।
রবিবার মিরপুরে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন লিটন। যদিও এই মাইলফলক আরও আগেই ছুঁয়ে ফেলতে পারতেন তিনি। ক্র্যাম্প না করলে হয়তো আজ সেঞ্চুরিটাই পেয়ে যেতেন উইকেট কিপার এই ব্যাটার। চোট পেয়ে ৪৮ রানে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে মাঠে নেমে শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থাকেন লিটন।
এই ম্যাচের আগে শেরেবাংলা স্টেডিয়ামে ২৮টি ওয়ানডে খেলেও কোনো হাফ সেঞ্চুরি ছিল না লিটনের। সর্বোচ্চ ইনিংস ছিল ৪৬ রানের।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৭৪ রান করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফলে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জিততে হলে ২৭৫ রান করতে হবে অস্ট্রেলিয়াকে।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করা টাইগাররা এখন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার অপেক্ষায়।

