নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজন পানিতে তলিয়ে যান। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অপর একজন এখনও নিখোঁজ রয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলীর কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন— মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮) ও মোসা. সুরাইয়া (১২)। তারা সবাই আত্মীয়স্বজন এবং দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে তারা তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে পানিতে তলিয়ে গেলে আর উপরে ওঠেননি। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
পরে ডুবুরিরা মো. রাশেদুজ্জামান ও তার শ্যালক মো. গালিবের মরদেহ উদ্ধার করেন। তবে সুরাইয়া এখনও নিখোঁজ রয়েছে এবং তাকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। এর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ অপরজনকে খুঁজে পেতে তল্লাশি কার্যক্রম চলছে।

