‘নূরজাহান বেগমের করুণ মৃত্যুতে সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত’

0
‘নূরজাহান বেগমের করুণ মৃত্যুতে সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত’

সম্প্রতি ঢাকার মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের করুণ মৃত্যুতে আইনে সাজার বিধান থাকায় সরকারি চাকরিতে কর্মরত তার ছেলেকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চাকরিচ্যুত করা যেতে পারে। শিক্ষিত পরিবারেও অতি অর্থের মালিক, স্বাবলম্বিতা ও লোভের বশবর্তি হয়ে সন্তানেরা বৃদ্ধ বাবা-মাকে অবহেলা ও অবজ্ঞা করছে। পিতা-মাতা’র ভরণপোষণ আইনটি সংশোধন করে সময়োপযোগী করার মাধ্যমে এই আইনের কার্যকারিতা বাড়াতে হবে। এছাড়া মামলা দ্রুত নিষ্পত্তির জন্য স্পেশাল কোর্ট প্রয়োজন। তাহলে সন্তানরা পিতা-মাতাকে অবহেলা ও অবজ্ঞা করতে ভয় পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল।

শনিবার (১৩ জুন) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে পিতা-মাতা’র অধিকার বাস্তবায়নে ভরণপোষণ আইন নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শুধু বাবা-মা নয়; প্রতিবেশিও যদি অভিযোগ করে তাহলে সেটি মামলা হওয়া দরকার। সন্তানের বিরুদ্ধে পিতা-মাতা’র ভরণপোষণ না করাসহ অবহেলা, অযত্ন ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে আইন সংশোধনের মাধ্যমে তাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে রহিত করা যেতে পারে। বিচারের দীর্ঘসূত্রিতা, উদাসীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইন প্রয়োগ বাধাগ্রস্ত হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তবে পিতা-মাতা’র অধিকার সুরক্ষায় আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বেহেশত তুল্য মা-বাবা বার্ধক্যে উপনীত হলে যারা নির্যাতন করে তারা সমাজের কলঙ্ক, তাদের জীবন অভিশপ্ত। মা-বাবারা শুধুমাত্র মানসিক অবহেলা, অবজ্ঞা, অবরুদ্ধ থাকা কিংবা আর্থিকভাবে ঠকানোর শিকার ছাড়াও মারধরের মুখোমুখি হওয়ার অভিযোগ রয়েছে। অনেক সন্তান মা-বাবার পেনশনের টাকা কেড়ে নিয়ে, জমিজমা, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি লিখে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। যা খুবই দুঃখজনক।

তিনি বলেন, এবারের বাজেটে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের ট্রেনে যাতায়াতের ভাড়া মওকুফ ও মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা সিনিয়র সিটিজেনদের সম্মানিত করবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দেশে মাত্র ৬-৭টি বৃদ্ধ নিবাস রয়েছে। যেগুলো খুবই করুণ দশা। তাই ঘোষিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ আরো কিছুটা বাড়িয়ে প্রতি জেলায় একটি করে আধুনিক ও মানসম্পন্ন প্রবীণ নিবাস তৈরির পরিকল্পনা গ্রহণ করা উচিত। সম্প্রতি মিরপুরে অযত্নে, অবহেলায়, বিনা চিকিৎসায় ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের করুণ মৃত্যু সমগ্র দেশকে নাড়া দিয়েছে। এই বৃদ্ধা মা তার উপযুক্ত চার সন্তানসহ পুত্র বধূ, নাতী-নাতনী থাকা সত্ত্বেও কয়েকদিন আগে নিজ বিছানায় মরে পড়ে ছিলেন। এটি আমাদের সমাজের হৃদয় বিদারক চিত্র।  

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘ভরণপোষণ আইন দ্বারা সন্তানের ওপর পিতা-মাতা’র অধিকার আদায় করা সম্ভব’ শীর্ষক ছায়া সংসদে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিতার্কিকদের পরাজিত করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন,  সাংবাদিক আহাম্মেদ সরোয়ার, সাংবাদিক মাকসুদ-উন-নবী ও ব্যারিস্টার কাজী জাওয়াদ বদরুদ্দোজা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here