এবার যশোর আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

0
এবার যশোর আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

ঢাকার পর এবার যোশরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত ইমরান হোসেন (৩০) পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের গাজীপাড়া এলাকার শওকত হোসেনের ছেলে।

রোগীর স্বজনরা জানান, জ্বর, ঠাণ্ডা ও কাশির উপসর্গ নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইমরান হোসেনকে যশোর শহরতলীর পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহাত উল্লাহ তাকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

স্বজনদের অভিযোগ, ভর্তির পর চিকিৎসকের পরামর্শে রোগীর শরীরে পরপর তিনটি ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন দেওয়ার পরপরই তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হলে কিছু সময়ের মধ্যেই কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। তারা চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদুল হক রোগীর স্বজনদের আনা চিকিৎসার অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি দাবি করেন, ‘রোগীকে হাসপাতালে ভর্তির পর প্রাথমিকভাবে গ্যাস ও বমির সমস্যাজনিত চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এটি একটি স্বাভাবিক মৃত্যু।’

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার রাতেই মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। রবিবার অফিস খুললে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করে প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান বলেন, হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মারা যাওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here