সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতিকারীরা ভবনের জানালার থাই গ্লাস খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
পরে এক ক্ষুদে বার্তায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কয়েকজন দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটের সামনে থাকা জানালার দুটি থাই গ্লাস খুলে ফেলে। পরে ভবনের পেছন দিক দিয়ে একটি গ্লাস নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি।
তিনি বলেন, শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, অ্যাটর্নি জেনারেলকে জানানোর পর তিনি তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তি ও তাদের ইন্ধনদাতাদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পরে এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা প্রাথমিকভাবে চুরি মনে হলেও এত দিন কোনো ঘটনা ঘটেনি। ইদানীং আমাদের অফিসের আইন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। আরেকজনকে ইতিপূর্বে দুর্নীতির কারণে জেলে পাঠিয়েছি। দুর্নীতিবিরোধী আমার যে অবস্থান, সেটা নিয়ে এই অসৎ এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে নানারকম প্রোপাগান্ডা, মিথ্যা প্রচারণা চালাচ্ছে। গত রাতের ঘটনার সঙ্গে তাদেরও ইন্ধন থাকতে পারে এবং এটা পরিকল্পিত, তা পুলিশকে জানিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

