আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএএইএ) বোর্ড অব গভর্নরসের এক অধিবেশনে একটি ইরান-বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে রাশিয়া, চীন ও নাইজার। তবে এই তিন দেশের বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাশিয়া, চীন ও নাইজার প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিলেও যুক্তরাষ্ট্র-সমর্থিত এ প্রস্তাব শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদন পেয়েছে। প্রস্তাবটির পক্ষে ২১টি দেশ ভোট দিয়েছে এবং এর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন ও নাইজার। এছাড়া ভোটদানে বিরত থাকে ১০টি দেশ।
এর আগে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ প্রস্তাবটিকে প্রহসন বলে অভিহিত করেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডের দায়, সেই আগ্রাসনের শিকার যারা, তাদের ওপর চাপানোর চেষ্টা করছে।
এই প্রস্তাবের মাধ্যমে ইরানকে সাম্প্রতিক সামরিক হামলায় লক্ষ্যবস্তু হওয়া পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা এবং পূর্বে সেগুলোতে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে আইএএইএ-কে তথ্য সরবরাহ করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: তাস

