গাইবান্ধা রেলস্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (১০ জুন) দুপুরে স্টেশন সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় স্থায়ী অস্থায়ী ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর আগে একাধিকবার নোটিশ ও সতর্কবার্তা প্রদান করা হলেও অনেকেই স্থাপনা সরিয়ে নেননি। ফলে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মঞ্জুর হোসেন বলেন, অভিযানে স্থায়ী অস্থায়ী ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলের জমি অবৈধ দখলমুক্ত রাখতে এবং সরকারি সম্পত্তি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে রেলওয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

