বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল সভাপতি নিহত

0
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল সভাপতি নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল ওই এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আহত আব্দুল্লাহ মোড়ল একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং নুর ইসলাম মোড়লের ছেলে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here