ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছামিয়া পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ছামিয়া বেড়াতে নানার বাড়ি লোপাড়া গ্রামে আসে। আজ সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের দিকে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ঘটনাটি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন।

