বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করল হুয়াওয়ে

0
বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করল হুয়াওয়ে

দীর্ঘদিনের বিরতির পর ডিভাইস-সংক্রান্ত সব ধরনের জটিলতা কাটিয়ে বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে। নতুন নতুন মোবাইল ফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে এবার বাংলাদেশেও পুনরায় যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ যাত্রায় তাদের সহযোগী হিসেবে রয়েছে ডিএক্স গ্রুপ।

‘নাও ইজ ইয়োর স্পার্ক’ স্লোগানে সোমবার (৮ জুন) বিকালে রাজধানীর গুলশানে হুয়াওয়ের কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলসহ একসঙ্গে ১৩টি নতুন স্মার্ট ডিভাইস উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, প্রযুক্তি ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ওয়্যারেবল গ্যাজেট ও অডিও ক্যাটাগরিতে এসব পণ্য বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে উন্নত ক্যামেরাসমৃদ্ধ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’, প্রিমিয়াম ফোল্ডেবল ফোন ‘মেট এক্স৭’ এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী ‘মেটপ্যাড ১১.৫’। এছাড়া স্টাইলিশ ডিজাইন ও স্বাস্থ্যসুরক্ষা সুবিধাসম্পন্ন ‘ওয়াচ ফিট ৫ সিরিজ’ এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ‘ফ্রিক্লিপ ২’-সহ আরও বিভিন্ন পণ্য রয়েছে।

অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, হুয়াওয়ের মূল শক্তিই উদ্ভাবন। আমরা এমন সব ফ্ল্যাগশিপ পণ্য এনেছি, যা গ্রাহকদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে ডিএক্স গ্রুপের নাম ঘোষণা করা হয়। ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, হুয়াওয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এসব পণ্য গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

হুয়াওয়ে জানিয়েছে, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আসা এসব ডিভাইসে গ্রাহকরা জেনুইন ওয়ারেন্টি, আসল পার্টস এবং বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here