ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯, আহত শতাধিক

0
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯, আহত শতাধিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে এবং আহত হয়েছেন আরও ১৩৪ জন।

আজ সোমবার (৮ জুন) দেশটির বেসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা দফতরের পরিচালক রদ্রিগো সোসমেনার জানান, নিহতদের মধ্যে ১২ জন সোক্সারগেন অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলটি দক্ষিণ কোটাবাতো, সুলতান কুদারাত, সারাঙ্গানি এবং জেনারেল সান্তোস সিটি— এই চারটি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত।

তিনি আরও জানান, এই অঞ্চলে কমপক্ষে ১২৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।ভূমিকম্পের তীব্রতায় জেনারেল সান্তোস সিটিসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বহুতল বাণিজ্যিক ভবন, স্কুল এবং জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘জলিবির’ একটি রেস্তোরাঁ ভেঙে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে জেনারেল সান্তোস আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং সেনাবাহিনী উপদ্রুত এলাকায় জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, বেসামরিক প্রতিরক্ষা দফতর ও জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদসহ জরুরি সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে।

জনগণকে সুনামির ঝুঁকি সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি, আনাদোলু অ্যাজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here