পিরোজপুরের কাউখালিত উপজেলায় থানা পুলিশের টহল অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক হয় সজীব সরদার নামে এক যুবক। সজীব সরদার (২০) এর বাড়ি সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে। শনিবার রাতে পুলিশ সজীবকে আটকের পরে তার মোবাইলে থাকা একটি শটগানের ছবি দেখতে পায়। সেই সূত্র ধরে রবিবার বিকেলে সজীবের বাড়ির পাশের ডোবা থেকে ছবির সেই শটগানটি উদ্ধার করে।
আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানের ছবি দেখতে পায়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন সজীব। পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা আছে বলে জানান। এরপর রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে জুজখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে ছবির সেই শটগান উদ্ধার করে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

