ট্রফি উঁচিয়ে দেশমকে বিদায় জানাতে চান দেম্বেলে

0
ট্রফি উঁচিয়ে দেশমকে বিদায় জানাতে চান দেম্বেলে

বিশ্বকাপ ট্রফি জয়ের মধ্য দিয়ে কোচ দিদিয়ে দেশমের বিদায়বেলা রাঙাতে চান উসমান দেম্বেলে। ফ্রান্সের এই তারকা উইঙ্গারের মতে, কোচের বিদায়ের ঘোষণা দলের মনোযোগে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বরং তা খেলোয়াড়দের আরও ভালো খেলার জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আসন্ন ফুটবল বিশ্বকাপ দিয়েই ফ্রান্সের কোচ হিসেবে দীর্ঘ ১৪ বছরের গৌরবময় যাত্রার ইতি টানার ঘোষণা আগেই দিয়েছেন দেশম। ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী এই অধিনায়কের অধীনেই টানা দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে দেম্বেলে-এমবাপেরা। যার মধ্যে ২০১৮ সালে তারা উঁচিয়ে ধরেছেন বিশ্বজয়ের সোনালী ট্রফি এবং ২০২২ সালের কাতার আসরে হয়েছেন রানার্সআপ।

স্কোয়াডের শক্তিমত্তা আর গভীরতার কারণে আসন্ন বিশ্বমঞ্চেও ফেভারিটের তালিকায় ওপরের দিকেই আছে ফরাসিরা। দলের খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রয়েছে দেম্বেলের। সম্প্রতি ইএসপিএনের মুখোমুখি হয়ে এই ফরাসি ফরোয়ার্ড সাফ জানিয়ে দিয়েছেন, প্রিয় কোচের বিদায় স্মরণীয় করতে দলের সবাই নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত। দেম্বেলে বলেন, সবাই জানে এটি কোচের শেষ টুর্নামেন্ট। তিনি একজন উঁচুমানের ও সফল কোচ। ফরাসি দলে খেলোয়াড়দের ওপর তার অগাধ আস্থা রয়েছে। তাই সবাই মিলে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ট্রফি জয়ের মাধ্যমে তাকে বিদায় জানাতে চান তারা।

২০১২ সালের গ্রীষ্মে ফ্রান্সের ডাগআউটের দায়িত্ব নেন দিদিয়ে দেশম। তার অধীনে কেবল বিশ্বকাপই নয়, ২০২১ সালে উয়েফা নেশন্স লিগ জিতেছে ফ্রান্স এবং ২০১৬ সালের ইউরো চ‍্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা সফল কোচদের একজন তিনি। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে ফরাসিদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নরওয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here