কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আয়াছ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মোহাম্মদ আয়াছ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার মৃত আমিন মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজ বাড়িতে আয়াছ ও তার বড় ছেলে মো. জুবায়েরের (৩৭) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুবায়ের পিতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে আয়াছ গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান। অভিযুক্ত জুবায়ের একই এলাকার বাসিন্দা এবং নিহতের বড় ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

