পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ইউনিয়নের শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং রাজিব হোসেন লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনই দশমাইল নুরানি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিক্ষার্থী গোসলের জন্য একটি পুকুরে নামে। সাঁতার না জানার কারণে তারা একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুরের গভীর পানি থেকে ডুবন্ত অবস্থায় তাদের নিথর দেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

