ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বর্তা গ্রামের ছাইদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের ফজলুল করিমের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল (৪৫), নয়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মেহেদী হাসান আলাল (৩২), বাটাজোর গ্রামের মিজানুর রহমানের ছেলে ইকবাল তালুকদার (৩০), অতুল চন্দ্র ঘোষের ছেলে রণি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত কামরুজ্জামান মানিকের ছেলে ইমন শেখ (২৮), ৭ নম্বর ওয়ার্ডের কেরামত আলীর ছেলে ফারুক হাসান মণ্ডল (৩৮) এবং ছোট কাশর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে শনিবার সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিকেলে একই স্থানে পাল্টা বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল।
এ ঘটনায় ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

