আর্জেন্টিনার ‘চূড়ান্ত’ স্কোয়াড চূড়ান্ত হবে কবে?

0
আর্জেন্টিনার ‘চূড়ান্ত’ স্কোয়াড চূড়ান্ত হবে কবে?

বিশ্বকাপের মঞ্চে নামার আগে প্রথম প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের ঐতিহাসিক কাইল ফিল্ডে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। দলের হয়ে গোল দুটি করেছেন লাউতারো মার্টিনেজ ও জিউলিয়ানো সিমিওনে। তবে এই জয়ের আনন্দের চেয়েও আর্জেন্টিনা শিবিরে এখন বড় হয়ে দেখা দিয়েছে চোটের আতঙ্ক। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। তবে মেসিকে নিয়ে অতটা উদ্বেগ না থাকলেও দলের বেশ কয়েকজন ফুটবলারের চোট নিয়ে বেশ ভালোই বিপাকে পড়েছে আলবিসেলেস্তেদের থিঙ্ক ট্যাংক।

এরই মধ্যে অনুশীলনে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন সেন্ট্রাল ব্যাক লিওনার্দো বালের্দি। বালের্দির ছিটকে যাওয়ার পর ধারণা করা হয়েছিল দ্রুতই তার বিকল্প কোনো ডিফেন্ডারের নাম ঘোষণা করা হবে। তবে ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনির করা একটি মন্তব্য আর্জেন্টিনার সমর্থকদের মনে নতুন করে ভীতি ও শঙ্কা তৈরি করেছে। স্কালোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চোটাক্রান্ত খেলোয়াড়দের অবস্থা বিবেচনা করে স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবেন।

হন্ডুরাসের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তিনি কাউকে ভয় দেখাতে চান না, তবে দলের অনেক খেলোয়াড়ই এখন শতভাগ ফিট নন। বালের্দির বিকল্প হিসেবে কেবল একজন সেন্ট্রাল ব্যাকই নেওয়া হবে, বিষয়টি তেমন নাও হতে পারে। পুরো দলের কী প্রয়োজন, তা বিবেচনা করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বালের্দির চোট তাদের অন্য ফুটবলারদের পরিস্থিতি নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে। এই মুহূর্তে তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত হতে পারে বলে মনে করেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তাই আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি দেখে এবং খেলোয়াড়দের শারীরিক অবস্থা যাচাই করেই চূড়ান্ত তালিকা ঠিক করা হবে।

আর্জেন্টাইন শিবির থেকে অবশ্য আশার কথা বলা হয়েছে নিকো পাজ এবং হুলিয়ান আলভারেজকে নিয়ে। এই দুই তারকা চোট কাটিয়ে প্রায় সুস্থ এবং তাদের বিশ্বকাপ দলে থাকা নিয়ে কোনো সংশয় নেই। তবে লিয়ান্দ্রো পারেদেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা এবং নিকো গঞ্জালেসের মতো ফুটবলারদের চোট বেশ গুরুতর। আগামী ১৬ জুন আর্জেন্টিনার প্রথম ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ সময়। তার আগে মঙ্গলবারের আইসল্যান্ড ম্যাচটিই নির্ধারণ করে দেবে চোটজর্জর এই তারকাদের কপাল আর্জেন্টিনা স্কোয়াডে শেষ পর্যন্ত টিকবে কি না।

 

সূত্র: মার্কা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here