শপথ নেওয়ার মাত্র তিন দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি। পছন্দের দপ্তর না পাওয়াকে কেন্দ্র করে তার এই পদত্যাগে কর্ণাটকের নবগঠিত সরকারের অস্বস্তি বেড়েছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার কর্ণাটক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন রামালিঙ্গা রেড্ডি। দপ্তর বণ্টনের পর অসন্তোষ প্রকাশ করে শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দেন।
রেড্ডির অভিযোগ, মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যা তিনি মেনে নিতে পারেননি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে রেড্ডি বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার আগে ডি কে শিবকুমার তার বাড়িতে গিয়ে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় চাননি, বরং মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই সম্মতি জানিয়েছিলেন।
রেড্ডির দাবি, শিবকুমার তাকে একই প্রতিশ্রুতি দুবার দিয়েছিলেন। কিন্তু দপ্তর বণ্টনের সময় সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
তিনি বলেন, এ কারণেই আমি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।
এদিকে, ভবিষ্যতে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর দেওয়া হলেও মন্ত্রিসভায় ফিরবেন না বলেও জানিয়েছেন রেড্ডি। তিনি বলেন, এখন যদি আমাকে ওই দপ্তরও দেওয়া হয়, তবুও আমি তা গ্রহণ করব না। আমি বিধায়ক হিসেবে কাজ করব এবং কংগ্রেসের সঙ্গেই থাকব।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তার ১৩ সদস্যের মন্ত্রিসভার দপ্তর বণ্টন করেন। দলীয় সূত্রের দাবি, রামালিঙ্গা রেড্ডি বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়ার বিষয়ে অনড় ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি।

