নরসিংদীর বেলাবতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে এবং নাহিদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তারা দুজনই স্থানীয় হাড়িসাংগান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন- উপজেলার বেলাব গ্রামের প্রয়াত শাহজাহান মিয়ার ছেলে শুভ (৩০) এবং বীরবাঘবের গ্রামের সুমন মিয়ার ছেলে সিয়াম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সোহান ও নাহিদ মোটরসাইকেলে করে পোড়াদিয়া বাজার থেকে নিজ বাড়ি বীরবাঘবের গ্রামের দিকে ফিরছিল। অন্যদিকে, শুভ ও সিয়ামের মোটরসাইকেলটি পোড়াদিয়ার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেল দুটি বটতলী বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাকিদের উদ্ধার করে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত সিয়ামের আঘাত গুরুতর না হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ার খবর পেয়েছি। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

