বিশ্ব পরিবেশ দিবসে নেত্রকোনায় ব্যতিক্রমী ‘গাছ দত্তক’ কর্মসূচি

0
বিশ্ব পরিবেশ দিবসে নেত্রকোনায় ব্যতিক্রমী ‘গাছ দত্তক’ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনায় ‘গাছ দত্তক’ নামে ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচির আয়োজন করেছে বারসিক ও গ্রীন কোয়ালিশন। ‘আমার গাছ, আমার দায়িত্ব’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৫ জুন)বিকেলে নেত্রকোনা শহরের কালীবাড়ি মোড়ের বটতলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শপথ বাক্য পাঠ এবং চুক্তিপত্রে দাতা ও গ্রহীতার স্বাক্ষরের মাধ্যমে গাছ দত্তক দেওয়া হয়। এতে শিশু, শিক্ষার্থী, তরুণ, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ‘একজন এক গাছ, সবুজ হবে চারপাশ’ এবং ‘আসুন একটি গাছের দায়িত্ব নিই, পরিবেশ রক্ষায় সক্রিয় হই’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা জানান, একটি শিশুর মতো গাছকেও পরিচর্যা ও লালন-পালন করতে হয়। কারণ পরিবেশ ও মানবজীবন রক্ষায় গাছের অবদান অপরিসীম। গাছ দত্তকের মাধ্যমে শুধু চারা রোপণ নয়, বরং দীর্ঘমেয়াদে এর পরিচর্যার দায়িত্ববোধও তৈরি হবে বলে তারা মনে করেন।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী ও পরিবেশবিদ মো. অহিদুর রহমান। এ সময় গ্রীন কোয়ালিশনের সহ-সভাপতি আলপনা বেগম, শংকর ম্রং এবং অনামিকা সরকার বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

আয়োজকরা জানান, পরিবেশের প্রতি দায়বদ্ধতা তৈরি এবং নতুন প্রজন্মকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ২০ জনের মধ্যে তাদের পছন্দ অনুযায়ী একটি করে গাছ চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে হস্তান্তর করা হয়। পাশাপাশি গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে প্রতি মাসে খোঁজ নেবে গ্রীন কোয়ালিশন।

বক্তারা বলেন, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here