হ্যাটট্রিক শিরোপার সুযোগ হাতছাড়া করতে চান না মারিয়া

0
হ্যাটট্রিক শিরোপার সুযোগ হাতছাড়া করতে চান না মারিয়া

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। ফাইনালে শক্তিশালী ভারত থাকলেও হ্যাটট্রিক শিরোপার সুযোগ হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন মারিয়া মান্দা।

শুক্রবার আইটিসি গ্র্যান্ড গোয়া হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানান মারিয়া।

সংবাদ সম্মেলন শেষে শিরোপা ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনেও মারিয়ার চোখেমুখে ছিল সেই আত্মবিশ্বাসের ছাপ।

তিনি জানান, শক্তিশালী ভারতের বিপক্ষে কোনো চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই হ্যাটট্রিক শিরোপা জিততে চান।

সেমিফাইনালে নেপালকে হারানোর পর দলের ভেতরের ‘পজিটিভ ভাইব’ এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আশার কথা শুনিয়েছেন মারিয়া।

দলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের টিমের সব প্লেয়ার ফিট আছে। নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও আমরা জয় পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।ফাইনালে ওঠার কারণে দল মানসিকভাবে দারুণ উজ্জীবিত।’

আগের দু’টি সাফজয়ী দলের সদস্য হলেও এবার অধিনায়কের দায়িত্ব থাকায় বাড়তি কোনো চাপ নিচ্ছেন না মারিয়া। বরং এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে এবং প্লেয়ার হিসেবে, মনের ভেতর এই সুযোগটা কাজে লাগানোর তাগিদ কাজ করছে। টানা তৃতীয়বারের মতো সুযোগ এসেছে, এমন সুযোগ সবসময় আসে না। দেশবাসীকে একটি ভালো খেলা উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব।’

গ্রুপ পর্বে ভারতের কাছে হার এবং একই হোটেলে দুই দলের অবস্থান; এসবকে মানসিক চাপ হিসেবে দেখছেন না মারিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাদের পুরো মনোযোগ কেবল মাঠের খেলায়।

দর্শকদের চাপ সামলানোর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে মারিয়া বলেন, ‘বিগত সাফে আমরা যখন নেপালে খেলেছিলাম, তখনও সেখানে প্রচুর দর্শক ছিল এবং অনেক চাপ ছিল। আমরা সেগুলো ফেস করে চ্যাম্পিয়ন হয়েছি। তাই দর্শক বা বাইরের কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি ভারত শক্তিশালী দল, তবে আমরা তাদের সঙ্গে লড়াই করার জন্যই প্রস্তুত হয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা আমাদের আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here