৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, এবার চোখ বিশ্বকাপে

0
৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, এবার চোখ বিশ্বকাপে

প্রায় ৪ বছর আগে মোসাদ্দেক হোসেন সৈকত সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। অবশেষে আবারও জাতীয় দলে ফিরেছেন এই অলরাউন্ডার। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরে মোসাদ্দেকের চোখ এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে। 

আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, ‘আমাদের যে স্ট্রাকচার, ঘরোয়া ক্রিকেটই একমাত্র জায়গা যেখানে ভালো খেললে নির্বাচকদের সুনজরে আসতে পারেন। আর তো কোনো পথ নেই। চেষ্টা করেছি সেখানে যত বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ভালো খেলা যায়। সেখানে ভালো খেলেই সুযোগটা এসেছে। যতদিন ক্যারিয়ার থাকবে, ততদিন যেন জাতীয় দলে খেলতে পারি সেই চেষ্টা থাকবে।’

প্রধান নির্বাচক ইতোমধ্যে মোসাদ্দেকের ভূমিকা স্পষ্ট করেছেন, ‘সুমন ভাই কাল ভালোভাবেই ক্লিয়ার করেছেন আমার ভূমিকা কী হবে। সেই জায়গা থেকে, সুযোগ এলে আমি চেষ্টা করব… হয়ত ৬-৭ নম্বরে ব্যাট করতে হবে, আবার দলের দরকারে ৫-৬ ওভার বল করা লাগতে পারে। আমার ছোট ছোট দায়িত্ব চেষ্টা করব পূরণ করার। ৬-৭ এ যারা ব্যাট করে, ওদের পরিসংখ্যান সমৃদ্ধ না। ইমপ্যাক্ট গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে ইমপ্যাক্ট রাখার চেষ্টা করব।’

অস্ট্রেলিয়া সিরিজে হাই স্কোরিং ম্যাচের আশা প্রকাশ করেছেন মোসাদ্দেক, ‘এখন তো উইকেট ভালোর দিকে। ডিপিএল ভালো উইকেটে খেলছি। গত ৬-৭ মাসে ঘরোয়ায় সবখানে ভালো উইকেট পাচ্ছি। আশা করি হাই স্কোরিং ম্যাচ হবে। আমাদের বোলিং অ্যাটাক এখন, বিশ্বের বড় দলগুলোর সাথে তুলনা করার মতো। হোমে যেভাবে ব্যাটাররা খেলছে বিশেষ করে ওয়ানডেতে, এই পারফরম্যান্স ধরে রাখলে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা থাকবে।’

পরে ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘অবশ্যই অনেক খুশি হবো। বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে, তার আগে যেসব সিরিজ আছে সেখানে ভালো খেলতে হবে। ভালো খেলতে পারলে, আশা করতে পারি সাতাশ বিশ্বকাপে সোনালি সুযোগ অপেক্ষা করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here