ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার তামাট বাজারের পূর্ব পাশের একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা বাঁশঝাড়ের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ৪০ বছরের মতো হতে পারে বলে জানা গেছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে।

