সাফের হ্যাটট্রিক শিরোপার মঞ্চে বাংলাদেশ-ভারত মহারণ, মধুর প্রতিশোধের হাতছানি

0
সাফের হ্যাটট্রিক শিরোপার মঞ্চে বাংলাদেশ-ভারত মহারণ, মধুর প্রতিশোধের হাতছানি

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে আবারও সেই চিরচেনা বাংলাদেশ-ভারত দ্বৈরথ। টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের ঘরে তোলার লক্ষ্যে আগামী শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

বুধবার গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে উড়িয়ে চতুর্থবারের মতো ফাইনালে পা রেখেছে পিটার বাটলারের শিষ্যরা। আর একই মাঠে দিনের দ্বিতীয় সেমিতে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে স্বাগতিক ভারত। আর তাতেই নিশ্চিত হয়ে গেল সাফের হ্যাটট্রিক শিরোপার মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ ‘দ্য ব্লুজ’রা। 

আগামী শুক্রবার একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ট্রফির লড়াইয়ে নামবে দুই দল, যেখানে সাবিনাদের সামনে থাকছে ট্রফি ধরে রাখার পাশাপাশি ভারতের মাটিতে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ।

আজ ভুটানের বিপক্ষে ভারতের বাঁচা-মরার ম্যাচে একমাত্র গোলটি আসে ৫৭ মিনিটে, মিডফিল্ডার সানফিদা ননগ্রামের পা থেকে। বক্সের বাইরে থেকে ক্রস পেয়ে ওয়ান-টু পজিশনে থাকা ভুটানের গোলকিপারকে পরাস্ত করেন সানফিদা। এই গোলের জন্য অবশ্য ভুটানি গোলকিপারের ভুলই অনেকাংশে দায়ী; তাঁর ক্লিয়ারেন্স ঠিকঠাক না হয়ে উল্টো ভারতের ফুটবলারের নাগালে চলে যায়।

সাফের ইতিহাসে ভারতের মাটিতে বাংলাদেশের সেরা প্রাপ্তি স্রেফ একটি গোলশূন্য ড্র, যা এসেছিল ২০১৬ সালে শিলিগুড়ির গ্রুপ পর্বে। সেবার ফাইনালে ভারতের কাছে ৩-১ ব্যবধানে হেরে মারিয়া-মনিকাদের প্রথম শিরোপার স্বপ্ন ভেঙেছিল। এরপর ২০১৯ সালেও ভারতের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অবশ্য পরবর্তী দুই দেখায় সাফ ও এশিয়ান গেমসের মঞ্চে ভারতকে যথাক্রমে ৩-০ ও ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ঋতুপর্ণারা। তবে অষ্টম সাফে এসে বাংলাদেশের পালে লাগে আবারও ধাক্কা, যেখানে গ্রুপ পর্বে ৩-০ ব্যবধানে হেরে বসে তারা। 

ফলে ফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশের জন্য যেমন সাফে ভারতের মাটি থেকে অধরা ট্রফি ও অপূর্ণতা কাটানোর মিশন, তেমনই গ্রুপ পর্বের হারের মোক্ষম প্রতিশোধ নেওয়ার মঞ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here