বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়েশিশুর মরদেহ উদ্ধার

0
বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়েশিশুর মরদেহ উদ্ধার

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই মেয়েশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন- বরগুনা পৌর শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা ইতি রানী এবং তার দুই মেয়ে ১২ বছর বয়সী আরাধা বিশ্বাস ও ৩ বছর বয়সী অনুরাধা বিশ্বাস। মরদেহগুলো উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্বজন ও ডাকবাংলোর কর্মচারীদের সূত্রে জানা গেছে, ইতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি কাজে আসেন। তবে এদিন প্রথমবারের মতো সঙ্গে নিয়ে আসেন তার দুই মেয়েকে। এরপর তিনি ডাকবাংলোর বিভিন্ন কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। একপর্যায়ে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে অন্যান্য কর্মচারীরা খোঁজ নিতে গিয়ে তৃতীয় তলার ৩ নম্বর কক্ষে বড় মেয়ে আরাধা বিশ্বাসের মরদেহ দেখতে পান। পাশের ৪ নম্বর কক্ষটি ভেতর থেকে আটকানো থাকায় বিষয়টি জেলা পরিষদ প্রশাসককে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ইতি রানী ও তার ছোট মেয়ে অনুরাধা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ নম্বর কক্ষে বড় মেয়ের মরদেহ বিছানার ওপর পড়ে ছিল। অপরদিকে ৪ নম্বর কক্ষ থেকে মা ও ছোট মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ঘুমের ওষুধের খালি পাতা জব্দ করা হয়েছে। এ ছাড়া ডাকবাংলোর সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here