মানিকগঞ্জের দৌলতপুরে ভাবি ও ভাতিজাকে হত্যার ঘটনায় আসামি ইউসুফকে (৩৫) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো।
নিহতরা হলেন- আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা (২৮) এবং তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় ভাই আব্দুস ছালাম ও ছোট ভাই ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
সম্প্রতি সেই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করেই দুই ভাইয়ের সম্পর্কে চরম অবনতি ঘটে।
এর আগে, গত শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়া গ্রামে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদকে হত্যা করে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বড় ভাই আব্দুস ছালাম।
জেলা পুলিশের ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান আছে।

