সুপারকম্পিউটারের বিশ্লেষণ; যে দলের হাতে উঠতে পারে বিশ্বকাপের শিরোপা

0
সুপারকম্পিউটারের বিশ্লেষণ; যে দলের হাতে উঠতে পারে বিশ্বকাপের শিরোপা

আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার বিশ্লেষণ। তাদের ১০ হাজার সিমুলেশনের ফলাফলে সবচেয়ে বেশি বার শিরোপা জিতেছে স্পেন, ফলে ২০২৬ বিশ্বকাপের প্রধান ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

অপটার হিসাব অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। তাদের পরেই রয়েছে ফ্রান্স (১৩ শতাংশ), ইংল্যান্ড (১১.২ শতাংশ) এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১০.৪ শতাংশ)। এই চার দলকেই আসন্ন আসরের সবচেয়ে শক্তিশালী শিরোপা দাবিদার হিসেবে দেখছে সুপারকম্পিউটার।

স্পেনের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে দলটির শক্তিশালী স্কোয়াড। তরুণ সেনসেশন লামিন ইয়ামাল, অধিনায়ক রদ্রি, ফেরান তোরেস, মিকেল মেরিনো ও মিকেল ওইয়ারসাবালের মতো ফুটবলারদের পাশাপাশি ইউরো ২০২৪ জয়ের পর ধারাবাহিক ভালো পারফরম্যান্সও তাদের এগিয়ে রেখেছে।

অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স, হ্যারি কেইনকে সামনে রেখে ইংল্যান্ড এবং লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাও শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কঠিন চ্যালেঞ্জ থাকলেও আর্জেন্টিনাকে অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে অপটা।

প্রধান দাবিদারদের বাইরে দ্বিতীয় সারির শক্তিশালী দল হিসেবে পর্তুগাল, ব্রাজিল ও জার্মানির নামও উল্লেখ করা হয়েছে। অপটার পূর্বাভাসে পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৭ শতাংশ, ব্রাজিলের ৬.৬ শতাংশ এবং জার্মানির ৫.১ শতাংশ।

উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৬ সালের আসর। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা উঠবে, আর ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে চারটি দেশ—কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র অনুপস্থিত দল তারাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here