লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, হামলা চলতে থাকলে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।
মঙ্গলবার (২ জুন) লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক টেলিফোন আলাপে গালিবাফ এ মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন গালিবাফ।
ফোনালাপে তিনি বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তার ভাষায়, ‘আমাদের জীবন ও আপনাদের জীবন একসূত্রে গাঁথা।’
গালিবাফ আরও বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের জন্য যেকোনো চুক্তির অংশ হিসেবে সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে।’ তিনি জানান, গত দুই দিন ধরে লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধের জন্য ইরান গুরুত্বসহকারে কাজ করছে।
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এসব অপরাধমূলক হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা শুধু আলোচনা প্রক্রিয়া বন্ধই করব না, বরং সরাসরি জায়নবাদী শাসনের (ইসরায়েল) বিরুদ্ধে অবস্থান নেব।’
অন্যদিকে নাবিহ বেরি লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংকটময় সময়ে ইরানের ইতিবাচক ভূমিকা লেবানন কখনো ভুলবে না।
এদিকে লেবাননের কর্মকর্তাদের দাবি, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা বেড়েছে। এসব হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। পাশাপাশি কয়েক লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ইরান বারবার এসব হামলার নিন্দা জানিয়ে আসছে। তেহরানের অভিযোগ, এ ঘটনায় যুক্তরাষ্ট্রও সহযোগী হিসেবে দায়ী।

