
টিকটক করে লাভবান হওয়ার লোভ দেখিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে র্যাব-১১ এর সহায়তায় আল-আমিন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আল-আমিন ফতুল্লা মডেল থানার কাইয়ুমপুরের মোঃ দেলোয়ার হোসেনের পুত্র। স্কুলছাত্রী অপহরণের ঘটনায় অপহৃত স্কুলছাত্রীটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর মেয়ে স্থানীয় একটি স্কুলের ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে গ্রেফতারকৃত আল-আমিন উত্যক্ত করত এবং টিকটক করলে অনেক লাভবান হওয়া যাবে এমন প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে প্রস্তাব দিতো। বাদীর মেয়ে এ সকল বিষয়ে তার পরিবারের সদস্যদের অবগত করে। এ সকল প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে অপহরণ করার হুমকি ও প্রদান করে। বুধবার সকাল সাতটার দিকে বাদীর মেয়ে কোচিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে কিছুটা পথ অগ্রসর হলে গ্রেফতারকৃত আল-আমিন ও তার দুই সহযোগী বাদীর মেয়েকে অজ্ঞাতস্থানে অপহরণ করে নিয়ে যায়।

