ইনিংস ব্যবধানে হার, আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

0
ইনিংস ব্যবধানে হার, আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

বেলফাস্টে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৭৯ রানে হারিয়েছে কিউইরা।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চার উইকেট হারালেও রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে ২১৭ রান যোগ করেন এই দুই ব্যাটার। রাচিন ১৯৪ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১২১ রান করেন। ব্লান্ডেল খেলেন ২৯২ বলে ১৮৬ রানের ইনিংস, যেখানে ছিল ২২টি চার ও ৩টি ছক্কা। এ ছাড়া ডিন ফক্সক্রফট করেন ৯৮ রান।

তাদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ৪৯০ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। মাত্র ৩৮ রানেই হারায় ৬ উইকেট। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক আদায়ের সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়ে দলকে কিছুটা লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। আদায়ের ৪০ রান করে আউট হলেও ম্যাকব্রাইন ৭৩ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ১৭৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নেন নাথান স্মিথ। বেন সিয়ার্স শিকার করেন ২ উইকেট।

প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থাকায় ফলো-অনে পড়ে আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার ভালো শুরুর ইঙ্গিত দিলেও তা বড় সংগ্রহে রূপ দিতে পারেননি দলের অন্য ব্যাটাররা। লরকান টাকার ও স্টিফেন দোহেনি ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। দোহেনি করেন সর্বোচ্চ ৫৭ রান, টাকারের ব্যাট থেকে আসে ৫০ রান।

শেষ পর্যন্ত ২৩২ রানেই থামে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন ব্লেয়ার টিকনার।

দুই ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টম ব্লান্ডেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here