আলভারেজকে দলে ভেড়াতে চাওয়ায় বার্সাকে নিয়ে অ্যাতলেটিকোর ব্যঙ্গ

0
আলভারেজকে দলে ভেড়াতে চাওয়ায় বার্সাকে নিয়ে অ্যাতলেটিকোর ব্যঙ্গ

স্প্যানিশ ফুটবলে নতুন মৌসুম শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ট্রান্সফার মার্কেট। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টাকে কেন্দ্র করে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেেলোনার মধ্যে রীতিমতো প্রকাশ্য বাকযুদ্ধ শুরু হয়েছে।

২৬ বছর বয়সী আলভারেজকে দলে নেওয়ার জন্য আলোচনা শুরু করেছে বার্সেলোনা। আলভারেজের সঙ্গে কাতালানদের একটি সমঝোতাও হয়েছে। তবে এই ফরোয়ার্ডকে ছাড়তে রাজি নয়  অ্যাতলেটিকো মাদ্রি। বার্সা প্রায় ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে পারে বলে খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ শুরু করে মাদ্রিদের ক্লাবটি।

শুক্রবার অ্যাতলেটিকো তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ব্যঙ্গাত্মক এক পোস্টে বার্সার তরুণ তারকা লামিন ইয়ামালের জন্য নিজেদের ‘প্রস্তাব’ প্রকাশ করে। সেখানে তারা লেখে, আমরা বার্সেলোনাকে একটি ফ্যাক্স পাঠিয়েছি। প্রস্তাবে রয়েছে আগামীকালের ব্যাড বানি কনসার্টের চারটি টিকিট, এবিসি পত্রিকার এক বছরের সাবস্ক্রিপশন এবং এক ব্যাগ সূর্যমুখীর বীজ। এখন আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি।

এরপর একের পর এক পোস্টে তারা বার্সার আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নেওয়ার কাল্পনিক প্রস্তাব দেয়। পেড্রির জন্য ছয়টি কনসার্ট টিকিট এবং রাফিনহার জন্য এক মৌসুমের ধারের বিনিময়ে টম ফোর্ড ও স্মিথকে ছাড়ার প্রস্তাব দেয়। এই দুই নামের উল্লেখ আসে অ্যাতলেটিকো সভাপতি এনরিক সেরেজোর একটি পুরোনো ভুল মন্তব্য থেকে, যেখানে তিনি ভুলবশত এই নামগুলোকে খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছিলেন।

ক্লাবটি এআই প্রযুক্তিতে তৈরি ছবিও প্রকাশ করে। ছবিতে বার্সার খেলোয়াড়দের অ্যাতলেটিকোর জার্সিতে দেখানো হয়। মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময়ে করা পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

তবে ব্যঙ্গ-বিদ্রূপের মধ্যেই বার্সার বিরুদ্ধে গুরুতর অভিযোগও তোলে অ্যাতলেটিকো। এক পোস্টে তারা লেখে, বাস্তবতাকে বদলে দেওয়ার যুগে আমরা বাস করছি। বিশেষ করে বার্সাকে ঘিরে যা দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না।

আরেকটি পোস্টে ক্লাবটি দাবি করে, গত কয়েক মাস ধরে তাদের এক খেলোয়াড়কে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ফাঁস, ভুয়া খবর ও অসম্মানজনক প্রচারণা চালানো হয়েছে। তারা আরও অভিযোগ করে, বার্সা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে খেলোয়াড় নিবন্ধন করিয়েছে এবং রেফারিদের সঙ্গে সম্পর্কের সুবিধা নিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৮১.৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ২০ গোল করেছেন। ফলে তাকে দলে রাখার ব্যাপারে অ্যাতলেটিকো অনড় অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাম্প্রতিক ঘটনাগুলো সেই বার্তাই আরও স্পষ্ট করে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here