লিভারপুল-বায়ার্নকে হটিয়ে গর্ডনকে দলে টানল বার্সা, এবার লক্ষ্য আলভারেজ

0
লিভারপুল-বায়ার্নকে হটিয়ে গর্ডনকে দলে টানল বার্সা, এবার লক্ষ্য আলভারেজ

পাঁচ বছরের চুক্তিতে অ্যান্টনি গর্ডনকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। ইংল্যান্ডের এই ফরোয়ার্ডকে নিউক্যাসেল ইউনাইটেড থেকে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, এই চুক্তির প্রাথমিক মূল্য ৭০ মিলিয়ন ইউরো। বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে সেটি ৮০ মিলিয়ন ইউরোরও বেশি হতে পারে।

বুধবার ইএসপিএন জানায়, বার্সা ও নিউক্যাসলের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা হয়েছে। এরপর বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য গর্ডন কাতালান শহর বার্সেলোনায় উড়ে যান। 

গর্ডন মূলত লেফট উইঙ্গার হিসেবে খেলেন। তবে মাঝমাঠের আক্রমণভাগেও খেলতে পারেন। তিনি দলে যুক্ত হওয়ায় লামিন ইয়ামাল ও রাফিনহাকে নিয়ে বার্সার আক্রমণভাগ আরও শক্তিশালী হলো। 

এই সপ্তাহেই দ্রুত গর্ডনকে দলে টানতে কাজ শুরু করে বার্সা। বায়ার্ন মিউনিখ ও লিভারপুলও ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। ইংল্যান্ডের ২৬ সদস্যের দলে জায়গা পাওয়ায় বার্সায় সাইনিংয়ের পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাবেন গর্ডন।

এদিকে, গর্ডনের আগমনে বার্সায় আরেক ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সায় ধারে খেলতে এসে ১৪ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন রাশফোর্ড। বার্সার কাছে তাকে ৩০ মিলিয়ন ইউরোয় কেনার সুযোগ রয়েছে।

তবে সূত্র বলছে, গর্ডনের আগমন মানেই রাশফোর্ডের সম্ভাবনা শেষ নয়। বার্সা এখনও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ট্রান্সফার ফি কমানো বা নতুন করে ধারের চুক্তি নিয়ে আলোচনা করতে চায়।

অন্যদিকে, আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বার্সা ছাড়ছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেয়ানডস্কি। এতে করে এখন একজন সেন্ট্রাল স্ট্রাইকারের খোঁজে রয়েছে বার্সা। গর্ডনকে দলে নেওয়ার পর বার্সার মূল লক্ষ্য এখন অ্যাতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের দিকে। আলভারেজও বার্সায় আসতে রাজি বলে কানাঘুষা চলছে। 

শোনা যাচ্ছে, আলভারেজের জন্য অ্যাতলেটিকোর কাছে ১০০ মিলিয়ন ইউরোর একটি অফার পাঠিয়েছে বার্সা। তবে, আলভারেজ বিক্রির জন্য নয় বলে জানিয়ে দিয়েছে অ্যাতলেটিকো। এমনকি, আলভারেজের দিকে হাত বাড়ানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে বার্সাকে কটূক্তি শুরু করেছে ক্লাবটি। আলভারেজকে ধরে রাখা ও দলে ভেড়াতে অ্যাতলেটিকো ও বার্সায় এই লড়াই কোথায় গিয়ে থামে সেটিই দেখার অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here