জয়পুরহাটের ক্রীড়াঙ্গনে নতুন উন্মাদনা ও রোমাঞ্চ নিয়ে উদ্বোধন হলো ‘জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি (জেসিটি)-২০২৬’।
শুক্রবার সকালে তেঘর স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফির সদস্য ছুব্বা ও শাফাকাত আজমসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তারা আশা প্রকাশ করেন, ‘জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি’ স্থানীয় ক্রিকেটারদের সুপ্ত প্রতিভা বিকাশে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং জেলার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে।

