চলচ্চিত্রশিল্পে অভিনেতাদের ক্যারিয়ারে বক্স অফিস কালেকশন বা ব্যবসার গুরুত্ব নিয়ে নিজের খোলামেলা মতামত জানিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ। তিনি মনে করেন, একটি ছবির ভালো ব্যবসায়িক সাফল্য পরবর্তী প্রজেক্টগুলোতে একজন অভিনেতাকে আরও বেশি নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ ও সাহস এনে দেয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তার আসন্ন চলচ্চিত্র ‘পেড্ডি’-র মুক্তিকে সামনে রেখে বক্স অফিস নম্বরের গুরুত্ব নিয়ে কথা বলেন এই অভিনেতা। রাম চরণ জানান, একজন অভিনেতার জন্য বক্স অফিসের ভালো সংখ্যা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটিই ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার একমাত্র মাপকাঠি বা শেষ কথা নয়। তিনি বলেন, বক্স অফিসের ভালো পারফরম্যান্স মূলত পরবর্তী সিনেমার সঙ্গে জড়িত। ছবি ব্যবসা করলে পরের কাজের ক্ষেত্রে আরও বড় পরিসরে এবং স্বাধীনভাবে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পাওয়া যায়। তাই নম্বর গুরুত্বপূর্ণ হলেও এটিই সবকিছু নয়।
রাম চরণের এই মন্তব্যটি এমন একসময়ে এলো যখন তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গেম চেঞ্জার’ বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এস শঙ্কর পরিচালিত এবং কিয়ারা আদভানি অভিনীত বিগ বাজেটের সেই ছবিটি নিয়ে ব্যাপক হাইপ তৈরি হলেও শেষ পর্যন্ত তা প্রযোজকদের লোকসানের মুখ দেখায়। ফলে স্বাভাবিকভাবেই তার আগামী ছবি ‘পেড্ডি’র ওপর এখন সবার নজর। বুচি বাবু সানা পরিচালিত এই স্পোর্টস ড্রামা ঘরানার ছবিটির ট্রেলার এবং ‘চিকিরি চিকিরি’ ও ‘হেল্লাল্লালো’-র মতো গানগুলো ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এই ছবির অন্যতম বড় আকর্ষণ হলো রাম চরণ এবং জাহ্নবী কাপুরের অনস্ক্রিন রসায়ন, যা বড় পর্দায় এই প্রথমবার দেখতে পাবেন দর্শকরা। এই নতুন জুটিকে ঘিরে ইতোমধ্যেই অনুরাগী ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে পুরোনো নস্টালজিয়া ফিরে এসেছে। নব্বইয়ের দশকে রাম চরণের বাবা মেগাস্টার চিরঞ্জীবী এবং জাহ্নবীর মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর ‘জগদেকা ভীরুডু আথিলোকা সুন্দরী’ কিংবা ‘এসপি পরশুরাম’-এর মতো কালজয়ী সিনেমাগুলোর জুটির সঙ্গে এই দুই তারকার তুলনা চলছে।
নিজের অনুভূতি প্রকাশ করে জাহ্নবী কাপুর বলেন, রাম চরণ স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা তার জন্য ভীষণ রোমাঞ্চকর ছিল। চিরঞ্জীবী ও শ্রীদেবী জুটির সেই আইকনিক সিনেমার একজন অন্ধ ভক্ত হিসেবে তিনি নিজেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের এই নতুন রসায়ন পর্দায় কেমন রূপ নেয়।
‘পেড্ডি’ সিনেমাটি আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি

