হরমুজে জাহাজে গুলি ছুঁড়ল ইরানি বাহিনী

0
হরমুজে জাহাজে গুলি ছুঁড়ল ইরানি বাহিনী

হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী বেশ কিছু অননুমোদিত জাহাজের উদ্দেশ্যে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি সামরিক বাহিনী। আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামরিক সূত্রগুলো দেশটির দক্ষিণাঞ্চলে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এগুলো সমুদ্রে চালানো সামরিক অভিযানের অংশ ছিল।

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বন্দর আব্বাস এলাকায় কোনো বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেনি বরং সমুদ্রের দিক থেকে আসা শব্দগুলো মূলত নিয়ম না মেনে প্রণালী অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে দেওয়া সতর্কবার্তা এবং তার জের ধরে হওয়া গোলাগুলির। 

ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালীর কাছে এমন চারটি জাহাজের উদ্দেশ্যে সতর্কতামূলক গুলি ছুড়েছে, যেগুলো ইরানের কর্তৃপক্ষের সাথে কোনো পূর্ব যোগাযোগ বা আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই ওই এলাকা পার হওয়ার চেষ্টা করছিল। 

তাসনিম নিউজ এজেন্সিও নিশ্চিত করেছে যে, দক্ষিণ ইরানের কিছু এলাকায় শোনা যাওয়া বিস্ফোরণের শব্দগুলো আসলে সমুদ্রে হওয়া সামরিক পদক্ষেপের সাথে সম্পর্কিত। তবে এর কিছু সময় আগে বুশেহরে শোনা যাওয়া অন্য একটি বিস্ফোরণের বিষয়ে ইরানি টেলিভিশন জানায়, সেখানে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুভাবাপন্ন কিছু বস্তু বা ড্রোনকে প্রতিহত করেছে। এছাড়া ফার্স নিউজ এজেন্সি দেশের দক্ষিণাঞ্চল থেকে নির্দিষ্ট কিছু লক্ষ্যের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবরও নিশ্চিত করেছে। অবশ্য আনুষ্ঠানিক এই বিবৃতির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো কিছু অসমর্থিত দাবি ছড়িয়ে পড়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here